_copy7.webp)

চলচ্চিত্র দুনিয়ায় এখন বিশ্বজুড়েই চলছে প্রযুক্তির জয়জয়কার। সেই জোয়ারে গা ভাসিয়ে পিছিয়ে নেই বাংলাদেশও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র ‘গ্যাপ’ এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত সিনেমাটি সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে কর্তন ছাড়াই আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করে একে কোনো রকম কাটছাঁট ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছে।
এআই-পাওয়ার্ড চলচ্চিত্র ‘গ্যাপ’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সিনেমাটি নিয়ে পরিচালক বান্নাহ বলেন, ‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি সাহসী পরীক্ষা। আমরা যখন সম্পূর্ণ এআই-পাওয়ার্ড (কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত) একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিই, তখন অনেকেই বিষয়টিকে অসম্ভব ভেবেছিলেন। কিন্তু আমরা হাল ছাড়িনি। আন্তর্জাতিক মানের এআই টুলস ব্যবহার করে দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রতিটি ফ্রেম নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো দৃশ্যকর্তন ছাড়াই ‘আনকাট’ ছাড়পত্র পাওয়া আমাদের জন্য এক বিশাল স্বীকৃতি। এটি প্রমাণ করে যে, প্রযুক্তির সঠিক ব্যবহারে তৈরি কনটেন্টও দর্শকদের মন ছুঁতে পারে। কম বাজেট এবং সীমিত জনবল নিয়েও যে বিশ্বমানের কাজ করা সম্ভব, ‘গ্যাপ’ তার অন্যতম উদাহরণ।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এক নতুন যুগের সূচনা করবে এবং তরুণ নির্মাতাদের নতুন প্রযুক্তির ব্যবহারে আরও সাহসী করে তুলবে। খুব দ্রুতই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। আশা করি, দর্শকরা থিয়েটারে এসে নতুন এই অভিজ্ঞতাকে স্বাগত জানাবেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্রের চিত্রনাট্য, চরিত্র তৈরি, অ্যানিমেশন, আবহসংগীত থেকে শুরু করে ভিজ্যুয়াল ইফেক্টসের একটি বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।
‘গ্যাপ’ প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। আগামী ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
প্রযুক্তি ও চলচ্চিত্র নির্মাণের সমন্বয়ে নির্মিত ‘গ্যাপ’ বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে এআই নির্ভর নির্মাণপ্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন আগ্রহ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শোবিজ নিয়ে আরও পড়ুন




_1785510049.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।