home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫

Facebook
Twitter

সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে

ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে আরও দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে একই মামলায় পাঁচদিনের রিমান্ডে ছিলেন রাকিবুল। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আরও তিনদিনের জিজ্ঞাসাবাদের আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, আগের দফার রিমান্ডে রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিওটি সংরক্ষণ করে জব্দ করা হয়েছে। ওই অডিওতে থাকা কণ্ঠস্বর রাকিবুল হাসানের কি না, তা যাচাই করতে তার নমুনা কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন। এ কারণে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।

রিমান্ড আবেদনে বলা হয়, অডিওতে রাকিবুলের সঙ্গে কথা বলা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য তাকে নিয়ে অভিযান চালানোর প্রয়োজন রয়েছে। এসব কারণে তিনদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাকিবুলের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তিনি বলেন, আগের পাঁচদিনের রিমান্ডে তদন্তের কী অগ্রগতি হয়েছে, নতুন আবেদনে তা স্পষ্ট করা হয়নি। একই সঙ্গে পুনরায় রিমান্ড চাওয়ার প্রয়োজনীয়তাও যথাযথভাবে তুলে ধরা হয়নি।

আইনজীবী আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও কেন্দ্র করে মামলা করা হলেও এতে রাষ্ট্রদ্রোহের ধারা দেওয়া হয়েছে। মামলার অভিযোগে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো কোনো নির্দিষ্ট কর্মকাণ্ডের উল্লেখ নেই। ফলে মামলায় দেওয়া ধারাটি আইনগতভাবে টেকসই নয়’।

রাকিবুলের জামিনের আবেদন জানিয়ে আইনজীবী জানান, জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না এবং তদন্তে সহযোগিতা করবেন।

রাকিবুল হাসানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটিতে এক ব্যক্তির কণ্ঠে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গসহ পুলিশ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা শোনা যায় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ দুর্বল এবং শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে পুলিশ কিছু করতে পারবে না। এছাড়া পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান ও পদায়ন এবং এ-সংক্রান্ত অর্থ লেনদেন নিয়েও কথোপকথন রয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অডিওতে থাকা কণ্ঠস্বর রাকিবুল হাসানের কি না, তা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি যাচাই করতেই তার নমুনা কণ্ঠস্বর সংগ্রহ করে অডিওর সঙ্গে মিলিয়ে দেখার কথা জানিয়েছে তদন্ত সংস্থা।

অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে ডিএমপির গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করে।এরপর ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করেন।

মামলাটিতে বৃহস্পতিবার রাকিবুলকে গ্রেফতার দেখানো হয়। একই দিন তার সাতদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেই রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে আরও তিনদিনের রিমান্ড আবেদন করে ডিবি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাকিবুল হাসানকে আরও দুদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।