_copy7.webp)

চ্যাম্পিয়নস লিগে কিশোর বয়সে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। তার গোলে এগিয়ে থেকে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে দলটি। ম্যাচে রাফিনহা করেন জোড়া গোল। তবে ম্যাচ শেষে ফুটবল নিয়ে কথা বলতে চাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্পেনের ফুটবলার দে মিগেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি।
মঙ্গলবার ক্যাম্প ন্যূতে ম্যাচের সপ্তম মিনিটে গোল করেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে ১৯ বছর বয়সে এটি তার ১৪তম গোল। এতদিন ১৩ গোলের রেকর্ড ছিল কিলিয়ান এমবাপের। বিরতির পর ৫২ ও ৬৪ মিনিটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনহা।
ম্যাচ শেষে রাফিনহা বলেন, ‘খবরটা দেখার পর আমার ভালো লাগছিল না। সেও ছিল আমার মতোই ফুটবলার। এটা তো আমাদের যে কারও সঙ্গে হতে পারত। আমার সঙ্গেও হতে পারত।’ প্রায় সমবয়সি একজন ফুটবলারের মৃত্যু তাকে বেশি কষ্ট দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে মাঠে যাওয়া এবং খেলা খুব কঠিন।’
বার্সা কোচ হান্সি ফ্লিকও দে মিগেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার ভাষায়, এটি অনেক বড় ট্র্যাজেডি। দে মিগেলের পরিবার, ক্লাব ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ফ্লিক মনে করেন, এই ঘটনা রাফিহাকেও গভীরভাবে নাড়া দিয়েছে। এমন শোকের মধ্যে মাঠে নেমে খেলাটা যে কতটা কঠিন, সেটিও বুঝতে পারছেন বার্সা কোচ।
এদিকে ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের প্রথম ১৭ মিনিটের মধ্যে চার গোল করে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম সময়ে চার গোলের রেকর্ড গড়েছে তারা। জোড়া গোল করেছেন ফাবিয়ান রুইজ।
একটি করে গোল করেন জোয়াও নেভেস, দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ১৭ বছর বয়সি ডেভিড বলি। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিও গড়েছে প্যারিসের দলটি।
অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গোল করেছেন ১৭ বছর বয়সি লেনার্ট কার্ল ও কনরাড লাইমার। দুই ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ে ফিরেছে জার্মান ক্লাবটি। এই জয়ে পয়েন্ট তালিকার সেরা আটে উঠে এসেছে তারা।
তা ছাড়া ফেইনুর্দকে ৩-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। রোমাকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে জোড়া গোল করেন ম্যানইউ তারকা ম্যাথিউস কুনহা। আরেকটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।
খেলা নিয়ে আরও পড়ুন









সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।