home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পূর্ণাঙ্গ গল্প নিয়ে ফিরছে ‘ফেউ’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩

Facebook
Twitter

পূর্ণাঙ্গ গল্প নিয়ে ফিরছে ‘ফেউ’

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে আলোচিত ওয়েব সিরিজ ‘ফেউ’। এবার দ্বিতীয় সিজনের গল্পের সঙ্গে প্রথম সিজনকে যুক্ত করে পূর্ণাঙ্গ আকারে দর্শকদের সামনে হাজির হচ্ছে সিরিজটি। ‘ফেউ কমপ্লিট সাগা’ শিরোনামে আগামী ১২ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি।

১৯৭৯ সালের মরিচঝাঁপি গণহত্যা এবং ভূরাজনৈতিক বাস্তবতার ছায়া অবলম্বনে ৯ পর্বের সিরিজটি নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। গল্পটি মূলত বাংলাদেশিদের বীরত্বগাথা। যেখানে সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে ওঠে রহস্য পুরুষ মার্শাল। অন্যদিকে তরুণ ড্যানিয়েল ভিনদেশি এজেন্টদের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

প্রথম সিজনে দেশভাগ ও মুক্তিযুদ্ধের নানা প্রতিকূলতা পেরিয়ে ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের জীবনসংগ্রাম, নির্যাতন, উচ্ছেদ ও হত্যাকাণ্ডের চিত্র উঠে আসে। পাশাপাশি গল্পে স্থান পেয়েছে নিখোঁজ আলোকচিত্রী সুনীলের রহস্য এবং তার ছেলে ড্যানিয়েলের অনুসন্ধান। প্রথম সিজনে দেখানো হয়, শরণার্থীদের ওপর নির্যাতনের ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন মোংলা চার্চের রেভারেন্ড ফটোগ্রাফার সুনীল। কিন্তু নানা বাধার মুখে পড়তে হয় তাকে। এক পর্যায়ে নিখোঁজ হন তিনি। দুই যুগ পর বাবার তোলা কিছু ছবির সূত্র ধরে তার প্রকৃত পরিণতি জানতে অনুসন্ধানে নামে ছেলে ড্যানিয়েল।

নতুন সিজনে ড্যানিয়েলের বাবাকে খুঁজে বের করার অভিযান আরও জটিল রূপ নেবে। সুন্দরবনের দুর্গম অঞ্চলে ভিনদেশি এজেন্টদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামও উঠে আসবে গল্পে। সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রহস্যময় চরিত্র মার্শাল।

নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান জানিয়েছেন, এটি কেবল দ্বিতীয় সিজন নয়; প্রথম সিজনের সঙ্গে বাকি গল্প যুক্ত করে পূর্ণাঙ্গ একটি সিরিজ হিসেবে সাজানো হয়েছে। ফলে নতুন ও পুরোনো— দুই ধরনের দর্শকই পুরো গল্পটি উপভোগ করতে পারবেন।

ফেউ কমপ্লিট সাগাতে অন্যতম মূল আকর্ষণ হিসেবে থাকছে সুনীল ও মার্শাল চরিত্রটির পরিণতি। চরিত্র দুটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মোস্তাফিজুর নূর ইমরান। আরও অভিনয় করেছেন— তারিক আনাম খান, তাহমিনা অথৈ, এ কে আজাদ সেতু, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, আনোয়ার হোসেন প্রমুখ। এ ছাড়া খুলনা, বাগেরহাট ও বটিয়াঘাটার শতাধিক শিল্পী অভিনয় করেছেন। ২০২৫ সালের ৩০ জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছিল ‘ফেউ’-এর প্রথম সিজন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।