_copy7.webp)

দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিন সিনেমা- ‘চিরকুট’, ‘স্নেহের বন্ধন’ ও ‘কাটপিস’। সিনেমাগুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে নির্মিত ‘চিরকুট’ আলোচনায় থাকলেও বাকি দুটি দর্শকখরায় ভুগছে। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে ‘চিরকুট’ নির্মাণ করেছেন মুনতাসির আকিব। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ার, উত্তরায় সেন্টারপয়েন্ট, মিরপুরের স্টার সিনেপ্লেক্স, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, চট্টগ্রামে বালি আর্কেড ও যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাচ্ছে সিনেমাটি।
এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী। নির্মাতা মুনতাসির আকিব বলেন, ‘নব্বইয়ের দশকের পরিবেশ, মানুষের আবেগ ও ঘটনাকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প না দেখে; বরং একটি সময়কে অনুভব করতে পারেন- সেটিই আমাদের চেষ্টা। আশা করি, চিরকুট এবারের দুর্গাপূজার আনন্দ আরও বাড়িয়ে দেবে।’
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সামাজিক, পারিবারিক ও অ্যাকশনধর্মী গল্পের ‘স্নেহের বন্ধন’ নির্মাণ করেছেন কামরুজ্জামান। ‘স্নেহের বন্ধন’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী। ঢাকার লায়ন সিনেমাস, সৈনিক ক্লাবসহ দেশজুড়ে ১৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ দেশজুড়ে ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাট-পিস। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন ও নানজীবা তোরসা।
তরুণ নির্মাতা ইফফাত জাহানের প্রথম সিনেমা এটি। জানা গেছে মুক্তির প্রথম দিন থেকেই দর্শকসংকটে ভুগছে ছবি দুটি। ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে এক সন্ধ্যার প্রদর্শনীতে ‘স্নেহের বন্ধন’ সিনেমার ৩৭টি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৩৫টি টিকিট কিনেছেন ছবিটির প্রচারণায় আসা প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অর্থাৎ সাধারণ দর্শক টিকিট কিনেছেন মাত্র দুজন। অন্যদিকে একই দিনে ‘কাটপিস’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে মাত্র আটটি। লায়ন সিনেমাসের প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক গণমাধ্যমকে জানান, মুক্তির প্রথম দিনে সিনেমা দুটির একাধিক প্রদর্শনীতে কোনো দর্শকই ছিলেন না। শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত ছবি দুটির দুটি প্রদর্শনীতেও একটি টিকিট বিক্রি হয়নি।
সিনেমাটি মুক্তির পর চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকটি পেজে নানা ধরনের প্রচারণামূলক দাবি দেখা যায়। কোথাও বলা হয়, ছবিটি দেখে দর্শক কাঁদতে কাঁদতে প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন। আবার কোথাও ছবিটিকে পরিবার নিয়ে দেখার মতো সিনেমা হিসেবে তুলে ধরা হয়। তবে প্রচারণার এমন চিত্রের সঙ্গে প্রেক্ষাগৃহের টিকিট বিক্রির হিসাবের মিল নেই। মির্জা আবদুল খালেকের মতে, সিনেমা মুক্তির আগে প্রচারণায় অর্থ ব্যয় করেও দর্শক টানতে না পারলে সেই উদ্যোগের সুফল পাওয়া যায় না। তিনি বলেন, ‘এ ধরনের সিনেমা চালানোর অনুরোধ যখন আমাদের করা হয়, তখন একটা কথাই বলি- সিনেমা চালানোর আগে পোস্টার ছাপানোসহ প্রচারণার নানা কাজে তো টাকা-পয়সা খরচ হয়।
এ ধরনের সিনেমা বানিয়ে এক ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়, আবার মুক্তির আগেও খরচ। অনুরোধ না করলে আমারও ছবিটি চালাতে হয় না। এতে বিদ্যুৎ, এসির খরচসহ আরও নানা খরচ থেকে বেঁচে যাই। কিন্তু কে শোনে কার কথা! তারা যদি ছবি না চালাত, আমারও লোকসান একটু কম হতো।’ প্রেক্ষাগৃহে দর্শক না আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই প্রেক্ষাগৃহ মালিক আরও বলেন, ‘সারাদিন শোতে কোনো টিকিট বিক্রি নাই। শনিবার সন্ধ্যায় ৩৭টি টিকিট বিক্রি হয়েছে, যার ৩৫টি সিনেমার মানুষদের! এমন করে দেশের সিনেমা তো আগাবে না। ভালো সিনেমা বানাতে হবে। এরপর প্রচারণা করলে সিনেমা এমনিতেই দেখতে আসবে মানুষ। সবচেয়ে বড় বিষয়, সিনেমা দেখার পর মুখে মুখে প্রচার না হলেও হয় না।’
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।