home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঠাকুরগাঁও-১ উপনির্বাচন- সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ০৮:১২

Facebook
Twitter

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন- সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে কেন্দ্রের সিদ্ধান্ত ও নির্দেশকে সম্মান জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। এর মাধ্যমে দলটির একমাত্র এবং চূড়ান্ত প্রার্থী হিসেবে রইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ২৯ সেপ্টেম্বর এ আসনে বিএনপির দুই নেতাসহ মোট ছয়জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। একই দল থেকে দুজন প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।

যদিও শুরু থেকেই ওবায়দুল্লাহ মাসুদ জানিয়েছিলেন, কেন্দ্রীয় নির্দেশেই দুজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রতীক বরাদ্দের আগেই দল থেকে নির্বাচন কমিশনে চূড়ান্ত চিঠি পাঠানো হবে এবং যার নাম বাদ যাবে, তিনি দলের সিদ্ধান্ত মেনে সরে দাঁড়াবেন।

বিএনপির একক প্রার্থী চূড়ান্ত হওয়ার পাশাপাশি এ আসনে নির্বাচনী লড়াইয়ে টিকে রয়েছেন আরও বেশ কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ করা হবে ৮ অক্টোবর। প্রতীক পাওয়ার দিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমে পড়বেন।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ইভিএম বা ব্যালটের মাধ্যমে এই আসনে ভোটগ্রহণ হবে। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।