_copy7.webp)

স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি সারাদেশের তরুণদের নির্বাচনে অংশ নিয়ে দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশগ্রহণ করবে। সারাদেশে তরুণদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে। যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী পাওয়া গেলে দল তাদের সমর্থন দেবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “সারাদেশে তরুণদের আমরা আহ্বান জানাবো আবার দখলদার থেকে দেশকে রক্ষা করার জন্য আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। সে রকম প্রার্থী আমরা যেখানেই পাবো আমরা তাদের সমর্থন দেব।”
স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ ও দখলদারদের পরাজিত করে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজ দখলদারদের সম্পূর্ণভাবে পরাজিত করে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করব।”
নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। সরকারের মন্ত্রী এক ধরনের বক্তব্য দিচ্ছেন, আবার নির্বাচন কমিশন ভিন্ন বক্তব্য দিচ্ছে। তার মতে, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন।
নাহিদ ইসলাম আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে একটি পরিকল্পনা বা ছক দেখতে পাচ্ছে এনসিপি। নির্বাচন কমিশনকে দলীয়করণ এবং প্রশাসনকে ব্যবহারের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করে সুষ্ঠু পরিবেশ নষ্ট করার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “যদি এমন কোনো পরিবেশ হয় যে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচন ইঞ্জিনিয়ারিং করা হবে। তাহলে জাতীয় নির্বাচনের মতো দেশের স্থিতিশীলতার কথা ভেবে আমরা বসে থাকবো না। সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা একটা প্রতিরোধ করব। সুষ্ঠু নির্বাচন আমরা আদায় করব।”
রাজনীতি নিয়ে আরও পড়ুন


.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।