home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বদলাতে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’-স্বরাষ্ট্রমন্ত্রী

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ২২:০৯

Facebook
Twitter

‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বদলাতে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’-স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের পাশাপাশি ভবিষ্যতে এ ব্যবস্থা পরিবর্তন করতে হলেও গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়ার বিধান রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়টি সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবারের সদস্য ও আহতদের প্রতিনিধিদের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি এবং অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার দাবি জানান অংশগ্রহণকারীরা। বৈঠকে মোট ৬৩ জন অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের জাতীয় ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় ধারণ করা হবে। বিশেষ করে তফসিলে গণ-অভ্যুত্থান ও জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি রাখার কথা ভাবা হচ্ছে। এতে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় করা অধ্যাদেশ ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। এর পাশাপাশি সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও তফসিলের নির্দিষ্ট জায়গায় রাখা হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়া স্বাধীনভাবে চলছে। আদালত আইন অনুযায়ী বিচার করবে। তদন্ত ও প্রসিকিউশনসহ সরকারের সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।

তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনেও গণভোট

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পাশাপাশি ভবিষ্যতে কেউ এ ব্যবস্থা পরিবর্তন করতে চাইলে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নিতে হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক বিষয়গুলোতে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকেও এমন সাংবিধানিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাদ দেওয়া হয়েছিল। আদালত ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করায় সংশোধিত সংবিধানে গণভোটের বিধান পুনরায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার পর ভবিষ্যতে কেউ তা পরিবর্তন করতে চাইলে জনগণের কাছে যেতে হবে। এ জন্য গণভোটের বিধান সংবিধানে এমনভাবে রাখা হবে, যাতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সহজে পরিবর্তন করা না যায়।

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, কারা এতে থাকবেন এবং কোন পদ্ধতি অনুসরণ করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিষয়টি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এ বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। সামনে আইনজীবী, বিচারক, সুপ্রিম কোর্ট বার, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গেও আলোচনা করা হবে।

তত্ত্বাবধায়ক সরকার গঠনে একাধিক পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি পদ্ধতি কার্যকর না হলে পরবর্তী বিকল্প বিবেচনা করা হবে। তবে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের সর্বশেষ বিকল্প হিসেবে রাখার প্রস্তাব কমিটির ছিল না। অতীতে এ নিয়ে বিতর্ক থাকায় রাষ্ট্রপতিকে এ বিধানে না রাখাই ভালো বলে মনে করেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সনদ নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।

বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক এবং সাকিলা ফারজানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।