home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সৌদির বিমানবন্দরে হামলার পর দাম্মাম-রিয়াদে ফের ফ্লাইট স্থগিত

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ২২:৫৭

Facebook
Twitter

সৌদির বিমানবন্দরে হামলার পর দাম্মাম-রিয়াদে ফের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম রুটে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এর আগে কিছুদিন বন্ধ থাকার পর বুধবার এই রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল সংস্থাটি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা থেকে একটি ফ্লাইট দাম্মামের উদ্দেশে ছেড়ে যায়। ফিরতি ফ্লাইটটি তখনো উড্ডয়নরত ছিল। বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইটটির শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় ২৫ অক্টোবর থেকে চালুর ঘোষণা দেওয়া রিয়াদ রুটের ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে বিমান।

হামলায় আহত দুই বাংলাদেশি

বুধবার রাতে বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

১৩৫ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২০ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে ১৩৫টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী।

বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ৬২টি সরাসরি ফ্লাইট এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।

বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিল করেছে। এ বিষয়ে এয়ারলাইন্সটির পক্ষ থেকে এখনো কোনো হালনাগাদ তথ্য জানানো হয়নি।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় এই এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।