home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রতিদিন বিটরুট খেলে মিলবে যে ৬ উপকার

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ২২:১১

Facebook
Twitter

প্রতিদিন বিটরুট খেলে মিলবে যে ৬ উপকার

বিটরুট বা বিট একটি পরিচিত সবজি। এতে রয়েছে নানান ধরনের পুষ্টিগুণ যেমন- ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি, ফাইবার এর পাশাপাশি বিটরুটে থাকা প্রাকৃতিক নাইট্রেট ও অ্যান্টিঅক্সিডেন্ট নিয়েও বেশ কিছু গবেষণাও রয়েছে। নিয়মিত ও পরিমিত পরিমাণে খাবারের অংশ হিসেবে বিটরুট খেলে শরীরের জন্য বিভিন্নভাবে এটি উপকারী হতে পারে। তবে কোনো একটি খাবার একাই কোন রোগ প্রতিরোধ বা চিকিৎসার কারন হতে পারে না, তবে এর পুষ্টিগুণ কিছু ক্ষেত্রে চিকিৎসার একটি উপাদান হিসাবে কাজ করতে পারে।

বিটরুটের সম্ভাব্য ছয়টি উপকারিতা জেনে নেওয়া যাক-
১. রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে
বিটরুটে থাকা নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরিতে ভূমিকা রাখে। এটি রক্তনালিকে শিথিল করতে সাহায্য করতে পারে। ফলে কিছু মানুষের ক্ষেত্রে বিটরুট বা বিটরুটের রস রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, খাবার ও জীবনযাপনের অন্যান্য নিয়ম মেনে চলার পাশাপাশি বিটরুট খাওয়াও রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারি হতে পারে।

২. ওজন নিয়ন্ত্রণে সহায়ক খাবার হতে পারে
বিটরুটে ক্যালরির পরিমাণ তুলনামূলক কম এবং এতে ফাইবার রয়েছে। ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। তাই সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে বিটরুট ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

৩. ব্যায়ামের কর্মক্ষমতায় ভূমিকা রাখতে পারে
বিটরুটের নাইট্রেট শরীরে রক্তপ্রবাহ ও অক্সিজেন ব্যবহারের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। এ কারণে কিছু গবেষণায় দেখা গেছে, বিশেষ করে ব্যায়াম বা খেলাধুলার ক্ষেত্রে বিটরুটের রস শারীরিক সহনশীলতা ও কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। তবে এর প্রভাব ব্যক্তি ও ব্যায়ামের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।

৪. অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে
বিটরুটের গাঢ় লাল বা বেগুনি রঙের জন্য দায়ী প্রাকৃতিক রঞ্জক উপাদানগুলোর মধ্যে বিটালেইন অন্যতম। এসব যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা হয়েছে। তবে বিটরুট খেলে শরীরের সব ধরনের প্রদাহ দূর হয়ে যায় এমন দাবি করার সুযোগ নেই। এটি বরং বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাদ্যতালিকার একটি অংশ হিসেবে বিবেচনা করা ভালো।

৫. হজমের জন্য উপকারী
বিটরুটে থাকা খাদ্যআঁশ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ও মলত্যাগে সহায়তা করতে পারে। নিয়মিত পর্যাপ্ত আঁশ খেলে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। পর্যাপ্ত পানি পান না করলে বেশি আঁশ খাওয়ার কারণে কারও কারও পেট ফাঁপা বা অস্বস্তিও হতে পারে। তাই খাবারে আঁশ বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ

৬. মস্তিষ্কের স্বাস্থ্যে সম্ভাব্য ভূমিকা
বিটরুটের নাইট্রেট রক্তনালির কার্যক্রম ও রক্তপ্রবাহে প্রভাব ফেলতে পারে। কিছু গবেষণায় মস্তিষ্কে রক্তপ্রবাহের সঙ্গেও এর সম্ভাব্য সম্পর্ক দেখা গেছে। কিন্তু বিটরুট খেলেই স্মৃতিশক্তি বাড়বে বা বয়সজনিত মস্তিষ্কের সমস্যা প্রতিরোধ হবে এমন নিশ্চিত প্রমাণ নেই। মস্তিষ্ক সুস্থ রাখতে সুষম খাবার হিসাবে এটি খাদ্য তালিকায় রাখা যেতে পারে। এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসও গুরুত্বপূর্ণ।

কীভাবে খাবেন?
বিটরুট কাঁচা, সেদ্ধ, রান্না করে বা সালাদের সঙ্গে খাওয়া যায়। বিটরুটের জুসও পান করা হয়। তবে জুস করলে ফাইবারের একটি অংশ কমে যেতে পারে। তাই সম্ভব হলে সম্পূর্ণ বিটরুট খাওয়াকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বিটরুট খাওয়ার পর প্রস্রাব বা পায়খানার রং গোলাপি বা লালচে হওয়া কিছু মানুষের ক্ষেত্রে স্বাভাবিক হতে পারে। তবে রক্তপাতের সন্দেহ হলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তথ্যসূত্র: হোসেইন জামানি (H Zamani) ও অন্যান্য গবেষক। গবেষণাপত্রের নাম: The Benefits and Risks of Beetroot Juice Consumption: A Systematic Review (২০২০)। বিষয়: বিটরুটের পুষ্টিগুণ, সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা, রক্তচাপ নিয়ন্ত্রণ ও শারীরিক কর্মক্ষমতায় ভূমিকা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।