_copy7.webp)

ফর্ম নিয়ে প্রশ্ন ছিল, সমালোচনাও কম হয়নি! সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় আলোচনার কেন্দ্রে ছিলেন লিটন দাস। তবে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে যেন অন্য এক লিটনের দেখা মিলছে। ব্যাট হাতে দুই ইনিংসে ফিফটি ও সেঞ্চুরি, আর উইকেটের পেছনে একের পর এক শিকার। সব মিলিয়ে সমালোচনার জবাবটা যেন দিয়েছেন নিজের পারফরম্যান্স দিয়েই! শুধু তাই নয়, গড়েছেন বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড, আর আজ দাঁড়িয়ে আছেন বিশ্বরেকর্ডের দুয়ারে।
উইকেটের পেছনে লিটনের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভেঙে গেছে প্রায় দুই দশক ধরে টিকে থাকা একটি রেকর্ড। বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের কীর্তি এতদিন ছিল খালেদ মাসুদ পাইলটের দখলে।
২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে সাতটি ডিসমিসাল করেছিলেন সাবেক এই উইকেটরক্ষক। এবার আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছেন লিটন। ম্যাচে এখন পর্যন্ত তার ডিসমিসাল আটটি।
আফগানিস্তানের প্রথম ইনিংসেই লিটনের গ্লাভসে ধরা পড়ে পাঁচটি উইকেটের পতন। আব্দুল মালিক, কাইস আহমেদ, ইয়ামিন আহমেদজাই ও মোহাম্মদ সালিমের ক্যাচ তালুবন্দি করেন তিনি। পাশাপাশি হাশমতউল্লাহ শহিদিকে স্টাম্পিং করে সাজঘরে ফেরান। দ্বিতীয় ইনিংসেও থামেনি তার শিকার ধরার উৎসব। এখন পর্যন্ত তিনটি উইকেটের পতনেই সরাসরি অবদান রেখেছেন লিটন। আব্দুল মালিক, শহীদউল্লাহ ও অধিনায়ক রহমত শাহর ক্যাচ ধরেছেন উইকেটের পেছনে দাঁড়িয়ে।
তবে লিটনের কীর্তি কেবল বাংলাদেশের রেকর্ডেই সীমাবদ্ধ নেই। এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে জোড়া ফিফটি এবং অন্তত আটটি ডিসমিসালের বিরল বিশ্বরেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। এতদিন এই কীর্তির একক মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার ডিটি লিন্ডসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে আটটি ডিসমিসাল করেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে লিটন করেছেন ৫৩ ও ১০২ রান। সঙ্গে আটটি ডিসমিসাল। তাতেই লিন্ডসের পাশে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক।
এখন অপেক্ষা আরও বড় কিছুর। এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ডটি ১১টি। এই কীর্তি যৌথভাবে দখলে রেখেছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পান্ত। আবুধাবি টেস্টে আফগানিস্তানের হাতে এখনও সাত উইকেট থাকায় লিটনের সামনে সুযোগ রয়েছে সেই রেকর্ডে ভাগ বসানোর কিংবা এককভাবে ছাড়িয়ে যাওয়ার।
বিশ্বরেকর্ড গড়তে হলে আজ আবুধাবি টেস্টের শেষ দিনে আরও তিনটি ডিসমিসাল প্রয়োজন লিটনের। কাজটি সহজ নয়, তবে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যাট হাতে রান, গ্লাভসে নির্ভরতা আর রেকর্ডের হাতছানি-সব মিলিয়ে আবুধাবি টেস্টটি লিটনের ক্যারিয়ারে বিশেষ এক অধ্যায় হয়ে উঠছে। ফর্ম নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিতে এর চেয়ে জোরালো মঞ্চ আর কী হতে পারে!
খেলা নিয়ে আরও পড়ুন

_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।