home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


অধিনায়কত্বের সঙ্গে দল থেকেও বাদ সালমান, পাকিস্তানের স্কোয়াডে চমক

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ক কলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১

Facebook
Twitter

অধিনায়কত্বের সঙ্গে দল থেকেও বাদ সালমান, পাকিস্তানের স্কোয়াডে চমক

প্রায় ‍দুই বছর পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করা সালমান আলি আগাকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি তিনি স্কোয়াড থেকেও বাদ। তার পরিবর্তে সাহিবজাদা ফারহানকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলেও চমক রেখেছে পাকিস্তান।

সদ্য সমাপ্ত এশিয়ান গেমস ক্রিকেটে রৌপ্যজয়ী পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফারহান। বেশ লড়াইয়ের পর তার দল ফাইনালে পূর্ণশক্তির ভারতের কাছে ১৯ রানে হেরেছে। ফলে জাতীয় দলের দায়িত্বেও ফারহানকে বেছে নিলো পাকিস্তান। এশিয়ান গেমসে আশানুরূপ ব্যাটিং করতে না পারলেও ডানহাতি এই আক্রমণাত্মক ওপেনার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬০ স্ট্রাইকরেটে ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন।

এশিয়ান গেমসের ফাইনালে ৯৬ রান করা হাসান নেওয়াজ টি-টোয়েন্টি দলে ফিরেছেন প্রায় এক বছর পর। ফেব্রুয়ারিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার ফরম্যাটটিতে ডাক পেয়েছেন নাসিম শাহ-ও। একইভাবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াডেও তিনি আছেন। দুই ফরম্যাটের আসন্ন সিরিজের দলে বড় চমক মোহাম্মদ রাজাউল্লাহ। ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে ব্যাট-বল হাতে রেকর্ডগড়া এই তরুণ দুই ফরম্যাটেই অনভিষিক্ত হিসেবে দলে যুক্ত হলেন।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের নেতৃত্বে যথারীতি আছেন শাহিন শাহ আফ্রিদি। ওই দলে বাবর আজম থাকলেও, তদন্তের অধীনে থাকা মোহাম্মদ রিজওয়ান বাদ পড়েছেন। ইংল্যান্ডে টেস্ট অভিষেক হওয়া উইকেটরক্ষক ব্যাটার গাজি ঘোরি ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজে, আর টি-টোয়েন্টি দলে একমাত্র উইকেটরক্ষক হিসেবে থাকছেন খাজা নাফে। আসন্ন টি-টোয়েন্টি ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে ফিরছেন শন টেইটও। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছর দলটির কোচ ছিলেন বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যাওয়া সাবেক এই অস্ট্রেলিয়ান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে সাহিবজাদা ফারহানের পাকিস্তান। একই ভেন্যুতে ১৮ অক্টোবর থেকে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ। তিন দল একে অপরের সঙ্গে দু’বার করে মুখোমুখি হবে। আগামী ৩১ অক্টোবর হতে যাওয়া ফাইনালসহ চার ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড

সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নেওয়াজ, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, খাজা নাফে (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, গাজী ঘোরি, হারিস রউফ, হাসান নেওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।