home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঈদে দর্শক মাতাতে আসছে শাকিব খানের ‘মহব্বত’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১ অক্টোবর ২০২৬, ১৯:২৩

Facebook
Twitter

ঈদে দর্শক মাতাতে আসছে শাকিব খানের  ‘মহব্বত’

ভালোবাসার গল্পে আবারও শাকিব খান। অ্যাকশন, রোমাঞ্চ আর গানের চরিত্র পেরিয়ে এবার তাকে দেখা যাবে পুরোদস্তুর প্রেমের আবহে। নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মোহাব্বত’-এ অভিনয় করবেন ঢাকাই সিনেমার এই তারকা। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির নাম প্রকাশের পাশাপাশি সামনে এসেছে প্রথম পোস্টার। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে একের পর এক অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এ তার চরিত্রগুলো ছিল রুক্ষ ও দুর্ধর্ষ মেজাজের। চলতি বছরের কোরবানির ঈদে ‘রকস্টার’-এ গায়ক চরিত্রে হাজির হয়েও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। সেই ধারার বাইরে এবার প্রেমের গল্প নিয়ে পর্দায় আসছেন অভিনেতা।

‘মোহাব্বত’ নির্মাণ করছেন হিমেল আশরাফ। প্রেমের গল্পের নির্মাতা হিসেবে এরই মধ্যে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। শাকিব খানকে নিয়ে তার নির্মিত ‘প্রিয়তমা’ দর্শক-আলোচনায় সাড়া ফেলার পর ‘রাজকুমার’-এও এই জুটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে। দুই বছরেরও বেশি সময় পর আবারও একই নির্মাতার সিনেমায় যুক্ত হলেন শাকিব।

শাকিবের ‘মোহাব্বত’-এ ফেরার খবর অবশ্য আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এলো সিনেমার নাম। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেন হিমেল আশরাফ। পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন। তার হাত ধরে রয়েছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা—‘মোহাব্বত’। তবে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সিনেমাটির নাম প্রকাশ করে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মোহাব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’

শুধু নাম নয়, সিনেমাটির মুক্তির সময়ও ঘোষণা করা হয়েছে। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মোহাব্বত’। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর এই সিনেমাতেও শাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান একসঙ্গে কাজ করছেন। ফলে পরিচিত এই টিমের নতুন সিনেমা ঘিরে এরই মধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা সিনেমাটির গল্প, নায়িকা ও অন্যান্য আনুষ্ঠানিক ঘোষণার।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।