home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কাজ দিয়ে দর্শকদের মন জয় করতে চান তৌসিফ মাহবুব

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯

Facebook
Twitter

কাজ দিয়ে দর্শকদের মন জয় করতে চান তৌসিফ মাহবুব

ছোটপর্দায় সাফল্যের সঙ্গে চাহিদা বাড়ছে অভিনেতা তৌসিফ মাহবুবের। একের পর এক ভিন্ন গল্প আর বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপন করছেন সাবলীলভাবে। অভিনয়দক্ষতা তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। গল্পের প্রতিটি চরিত্র মুগ্ধ করে সাবাইকে। তার নাটক মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। সময়ের আলোচিত এই অভিনেতাকে নিয়ে লিখেছেন মাসুদুর রহমান

সম্প্রতি প্রচারে আসা একাধিক নাটক নিয়ে আলোচনায় রয়েছেন তৌসিফ। এরমধ্যে ক্যাপিটাল ড্রামার ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে। এটি প্রকাশের এক দিনের মধ্যেই প্রায় সাড়ে তিন মিলিয়ন ভিউ হয়েছে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকে তৌসিফের সঙ্গে তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন নবাগত নীহা চৌধুরী।

নতুনদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তৌসিফ বলেন, গল্পের প্রয়োজনেই নতুন শিল্পীরা সিনিয়রদের সঙ্গে কাজ করার সুযোগ পান। নতুনরা অনেক সময় সিনিয়রদের সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস বোধ করেন। তারা অনেকে মনে করেন, সিনিয়রদের সঙ্গে কাজ করলে দর্শকের কাছে তাদের গ্রহণযোগ্যতা হয় এবং আলোচনায় আসেন।

‘ছুঁয়ে দিলাম তোমায়’ রোমান্টিক ঘরানার নাটক হলেও সম্প্রতি প্রচারে আসা ‘আপন পর’ নাটকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তৌসিফ। মায়ের ভালোবাসা, স্নেহ ও সমাদর পাওয়ার আকাঙ্ক্ষায় একজন সন্তানের আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত নাটকটি প্রচারে আসার পর দর্শকের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নাটকে রিফাত চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ।

অভিনেতা বলেন, ‘নাটকটি প্রকাশের পর দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি। প্রচুর মানুষ তাদের ভালোলাগার কথা জানাচ্ছে। আবার কেউ তাদের কষ্টের কথাও বলছেন। তবে ভালো লাগছে এই ভেবে যে, আমার অভিনয় দর্শকের মনে ছাপ ফেলতে পেরেছে। একজন অভিনেতা হিসেবে এর থেকে সার্থকতা আর কিছু নেই।’

রোমান্টিক, কমেডি, সিরিয়াস— সব ধরনের গল্পেই নিজেকে প্রমাণ করেছেন তৌসিফ। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও চাহিদা রয়েছে এই অভিনেতার। আজ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। শিহাব শাহিন পরিচালিত ফিল্মটিতে পাইলটের চরিত্রে দেখা যাবে তৌসিফকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন এবারের লাক্স সুপারস্টার বিজয়ী বিদুষী বর্ণিতা।

‘ক্যাফে আমব্রেলা’ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, এর মধ্য দিয়ে অনেক দিন পর ওয়েবে ফেরা, সেই সঙ্গে শিহাব ভাইয়ার সঙ্গেও দীর্ঘ দিন পর কাজ। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অন্যরকম।

এদিকে ভিকি জাহেদের একটি নতুন ওয়েব ফিল্মে দেখা যাবে তৌসিফকে। এতে তার বিপরীতে রয়েছেন শার্লিন ফারজানা। এই জুটির প্রথম কাজ এটি। নাম এখনও চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি সাসপেন্স-থ্রিলার গল্পের। একই নির্মাতার ‘চক্র ৩’-তে নিয়ে আসছেন তৌসিফ। এটি আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

আলোচনার পাশাপাশি শোবিজ তারকাদের নিয়ে সমালোচনাও হয় অনেক। সমালোচনার বিষয়টি অনেকে বাঁকা চোখে দেখলেও ব্যতিক্রম তৌসিফ। সমালোচনাকে তিনি ইতিবাচক হিসেবেই গ্রহণ করেন।

অভিনেতা বলেন, ‘সমালোচনাকে নেতিবাচক হিসেবে দেখা মানে হেরে যাওয়া, অগ্রগতিতে বাধাগ্রস্থ হওয়া। দর্শক প্রশংসা করবেন আবার কখনো সমালোচনা করবেন— এটাই স্বাভাবিক। তাই সমালোচনাকে আমি ইতিবাচকভাবে দেখি। সমালোচনা অনুপ্রেরণা জোগায়। আমাকে উন্নত হতে সাহায্য করে।’

দর্শক ও নির্মাতাদের কাছে তৌসিফের চাহিদা থাকায় অভিনয়ে দারুণ ব্যস্ততা বেড়েছে। তাই অভিনয়ের ক্ষেত্রেও বাছ-বিচার করে চলছেন। গড়পড়তা কাজ না করে মানসম্মত নাটক-টেলিফিল্ম কিংবা ওটিটির কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের মাঝে।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘অনেক প্রস্তাব এলেও এখন বুঝেশুনে কাজ করছি। যেমন গল্প ও চরিত্র করতে চাই তেমন না হলে অভিনয় করছি না। অভিনয়ের বেলায় গল্পে ও চরিত্রে ভিন্নতা খুঁজে নেওয়ার চেষ্টা করি। যে কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়া যায়।’

দর্শকের ভালোবাসায় একজন গ্রহণযোগ্য শিল্পী হয়ে উঠতে অনেক কাঠখড় পোড়াতে হয়। ধীরে ধীরে নিজেকে তৈরি করতে হয়। সময় ও অধ্যবসায়ের বিকল্প না থাকলেও এই সময়ের অনেকেই সহজে জনপ্রিয় হয়ে ওঠার পথ খুঁজেন। এ নিয়ে তৌসিফ বলেন, অভিনয় সহজ আবার অনেক কঠিন। জনপ্রিয় হওয়াও সহজ তবে ধরে রাখা খুব কঠিন। অনেকেই ক্যারিয়ারের শুরুতে জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু সেটি ধরে রাখতে পারেননি। এটি একজন শিল্পীর জন্য অত্যন্ত দুঃখজনক।

নাটক ও ওটিটিতে নিয়মিত কাজ করলেও সিনেমায় দেখা নেই তৌসিফের। ভক্ত-অনুরাগীরা জানতে চান কবে বড়পর্দায় দেখা মিলবে তৌসিফের? সম্প্রতি একটি সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় শেষ পর্যন্ত কাজটি করা সম্ভব হয়নি।

তৌসিফ বলেন, অনেক আগে থেকেই বড়পর্দায় কাজের প্রস্তাব পাচ্ছি কিন্তু ব্যাটে-বলে মিলছে না। দর্শকদের হতাশ করতে চাই না। অভিনয়শিল্পী হিসেবে তাদের কাছে দায়বদ্ধতা আছে বেল মনে করি। তাই বড়পর্দায় সঠিক সময়ে ভালো কোনো প্রজেক্ট নিয়ে হাজির হতে চাই। সবকিছু চূড়ান্ত হলেই সিনেমার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার ছিল এই অভিনেতার জন্মদিন। পরিবারের সঙ্গেই কেটেছে দিনটি। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অভিনেতা। চাওয়া-পাওয়া ও জীবনের উপলব্ধির নিয়ে তৌসিফ বলেন, জীবনটা সুন্দর। আমি এমন একটা জীবনযাপন করছি, যে জীবনের স্বপ্ন হয়তো লাখ লাখ মানুষ দেখে। আরও বড় কিছু হওয়ার দৌড়ে আমরা অনেক সময় ভুলে যাই, কতটা পথ পেরিয়ে এসেছি, কত কিছু পেয়েছি। আমাকে আমি হয়ে উঠতে দেওয়ার জন্য, আমার পা দুটো মাটিতে রাখার তৌফিক দেওয়ার জন্য, আর আমার পরিবার, ভক্ত ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর সামর্থ্য দেওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। তাই নতুন করে কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে চাই।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।