.webp)

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে স্বাধীনতাবিরোধী শক্তির বাধা প্রদান এবং পরবর্তীতে হারিকেনের আলোয় কন্যা কর্তৃক নিজ হাতে বাবার জন্য নতুন কবর খোঁড়ার মর্মান্তিক ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ (সোহেল রানা)।
সোমবার (২৬ অক্টোবর) তার ফেসবুকে এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মাসুদ পারভেজ বলেন, স্বাধীনতা বিরোধীদের এহেন স্পর্ধার পরও কোনো কার্যকর দৃষ্টান্তমূলক পদক্ষেপ দৃশ্যমান না হওয়া চরম দুর্ভাগ্যজনক। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যখন পূর্বের খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দাফনে বাধা দেয়, তখন স্বজনদের হারিকেন জ্বালিয়ে বিকল্প ব্যবস্থা করতে হয়—যা একজন মুক্তিযোদ্ধার জন্য চরম অবমাননাকর।
মাসুদ পারভেজ বর্তমান প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি রাষ্ট্র পরিচালনায় থাকা সত্ত্বেও এমন জঘন্য ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক কঠোর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত মিলল না। সরকারের কাছে এর সুনির্দিষ্ট ও স্পষ্ট জবাব দাবি করেন তিনি।
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের মনের রক্তক্ষরণ তুলে ধরে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, "আমরা বোধহয় মুক্তিযুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি; নইলে এই চরম অবমাননার বিরুদ্ধে জোরালো কোনো প্রতিবাদ বা প্রতিরোধ কেন দৃষ্টিগোচর হচ্ছে না? না-ফেরার দেশে চলে যাওয়ার আগে এমন সংবাদ আমাদের মতো মুক্তিযোদ্ধাদের হৃদয়কে রক্তাক্ত করে।"
সবশেষে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন—"মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি সবাই জেগে ওঠো। এবার আর কোনো ক্ষমা নয়।"
শোবিজ নিয়ে আরও পড়ুন


.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।