home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: ফেনীতে প্রধানমন্ত্রী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১ অক্টোবর ২০২৬, ১৯:২৬

Facebook
Twitter

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: ফেনীতে প্রধানমন্ত্রী

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, এ বিষয়ে সবাইকে সবসময় সচেতন ও সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ইমাম-পুরোহিতদের সম্মানী এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কথা রেখেছি। নির্বাচনের আগে আমরা বলেছিলাম কৃষক কার্ড দেব, ফ্যামিলি কার্ড দেব, ইমাম-পুরোহিতদের সম্মানী দেব। আমরা যদি এসব কাজ সফলভাবে করতে পারি, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে।’

বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে খাল খনন কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকার বন্ধ থাকা কলকারখানাগুলো নতুন করে চালুর মাধ্যমে মানুষের কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করতে চায়। তবে দেশে অরাজকতা সৃষ্টি হলে কোনো জনকল্যাণমূলক কাজই বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে সতর্ক করেন তিনি।

দেশ থেকে পালিয়ে যাওয়া শক্তি ও তাদের সহযোগীদের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘তাদের কি খাল কাটা কর্মসূচি আছে? ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড কর্মসূচি আছে? মানুষের জন্য তাদের রাজনীতি কই?’

তিনি আরও বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর গুপ্ত বাহিনী বলেছিল, তারা যদি ফিরে আসে তাতে কোনো অসুবিধা নেই। বলবেই তো, কারণ অতীতেও তারা একসঙ্গে ছিল এবং তলে তলে এক হয়ে কাজ করেছে।

এর আগে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষের দীর্ঘদিনের বন্যা-ভোগান্তি কমাতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে ৭ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড, ৫১০ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ২৩৮ জন ইমাম, পুরোহিত ও সেবায়েতকে সম্মানী ভাতা দেওয়া হয়। পাশাপাশি গুরুতর অসহায় ব্যক্তি ও প্রতিবন্ধীদের মধ্যেও সহায়তার চেক বিতরণ করেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী আমীনুর রশিদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।