১৩ নভেম্বর ২০২৬
preview
টিভি লাইন প্রতিবেদন: ঢাকা-দিল্লি সস্পর্ক নতুন করে টানাপোড়েন

মো. নূর নবী শেখ

বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সময়সূচি নিয়ে জটিলতার কারণে ভারতের অনুরোধে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। চলতি বছর আর বৈঠকটি হওয়ার সম্ভাবনা কম বলেও জানা গেছে।

বৈঠক স্থগিতের খবরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম ও দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দুই দেশের আলোচনায় রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, গত সপ্তাহে ভারত কূটনৈতিক পত্রের মাধ্যমে প্রস্তাবিত বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে উভয় পক্ষের সম্মতিতে সংলাপ স্থগিতের সিদ্ধান্ত হয়। এর আগে বৈঠকের প্রস্তুতি হিসেবে ৩ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

পঞ্চম কনস্যুলার সংলাপে সীমান্তে পুশ-ইন বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম সহজ করা, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও দেশে ফেরানো এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয়ও আলোচনার সম্ভাব্য এজেন্ডায় ছিল।

এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি ঢাকা-দিল্লির সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তাঁকে ফেরত চেয়ে আসছে। সাম্প্রতিক সময়ে তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ও আলোচনায় এসেছে। তবে কনস্যুলার সংলাপ স্থগিতের সঙ্গে এসব বিষয় সরাসরি সম্পর্কিত—এমন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের দিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টার সৈয়দুর রহমানও জানিয়েছেন, হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জমা দেওয়ার আগেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত হয়েছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয় ২০১৭ সালে। এখন পর্যন্ত চার দফা এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হয়।

পঞ্চম দফার সংলাপ স্থগিত হওয়ায় দুই দেশের নাগরিক ও কনস্যুলার বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেল। একই সঙ্গে সীমান্ত, ভিসা, প্রত্যাবাসন, আইনি সহযোগিতা ও প্রত্যর্পণের মতো অমীমাংসিত বিষয়গুলো পরবর্তী বৈঠকে কীভাবে আলোচনায় আসে, সেদিকেও নজর থাকবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com