৭ নভেম্বর ২০২৬
preview
৭ নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ: রাশেদ খাঁন

মো. নূর নবী শেখ



১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি ও সাধারণ মানুষের ঐতিহাসিক প্রতিরোধ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করলেও পরবর্তী সময়ে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, যা জনগণ মেনে নেয়নি।

শনিবার (৭ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, একাত্তরের পর থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের রাজনৈতিক ইতিহাসে নানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পঁচাত্তর পর্যন্ত তৎকালীন সরকারের নেতৃত্বে ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। একইভাবে চব্বিশের আন্দোলনের আগে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের দোসররা গুম, খুন ও গণহত্যা চালিয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর পর উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশের বড় পরিবর্তন এসেছিল।

একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক নেতৃত্ব ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

দিবসটি উপলক্ষে সকালে র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

সভায় জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com