৬ নভেম্বর ২০২৬
preview
জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি:ফাতিমা তাসনিম জুমা

মো. নূর নবী শেখ

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন- গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে। ভুলে গেছেন, শহীদ আবু সাঈদের রক্তের কথা।’

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফাতিমা তাসনিম জুমা বলেন, গতকাল রাতে ইডেন কলেজের পাশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেভাবে বল প্রয়োগ করেছে, তা ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলের ঘটনার কথা মনে করিয়ে দেয়।

সে সময় হলের ভেতরে পুলিশ ও ছাত্রদল প্রবেশ করে ছাত্রীদের নির্যাতন করেছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ছাত্রীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। সেখানে পুলিশ এক ছাত্রীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বের করেছে। এমনকি পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের গায়ে হাত দিয়েছেন। এ ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইনকিলাব মঞ্চের এই নেত্রী বলেন, ‘আপনারা দেখবেন, এই পুলিশ জুলাইয়ের চেয়ে বেশি হিংস্র হয়েছে। শ্রমিক আন্দোলনে শ্রমিকদের মারছে, শিক্ষার্থীদের মারছে। কাকে মারবে, কাকে মারবে না, তাদের কোনো হুঁশ নেই।’

তিনি বলেন, পুলিশের এমন আচরণের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। পুলিশকে এভাবে হিংস্র করে তোলা হচ্ছে কেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে ইনকিলাব মঞ্চের এই নেত্রী বলেন, শিলংয়ে থাকতে ভালো লাগলে তিনি সেখানে ফিরে যেতে পারেন। তার অধীন পুলিশ সদস্যরা কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে ছাত্রীদের ওপর বল প্রয়োগ করছেন?

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ওপর এমন নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ইনকিলাব মঞ্চ তাদের তিন দফা দাবি নিয়ে চট্টগ্রামে এসেছে।

এর আগে জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন নেতারা।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com