৩১ অক্টোবর ২০২৬
preview
তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ

মো. নূর নবী শেখ

সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করার প্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

রিমান্ড আবেদনে বলা হয়, নিহত তাহসিফ সউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দীপ তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ।

আবেদনে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর মাধ্যমে পুলিশ খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে জানা গেছে, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাহসিফকে নিজের সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় দিয়েছেন।

তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে দাবি করেছে পুলিশ। মামলার তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং ঘটনার বিস্তারিত তথ্য জানার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

যে পাঁচ কারণে রিমান্ড আবেদন-

পুলিশের আবেদনে দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়ার পক্ষে পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে। সেগুলো হলো—

১. তাহসিফ হত্যার পেছনের প্রকৃত কারণ ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা।

২. হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাতপরিচয় অন্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা।

৩. হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামসহ মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা।

৪. নিহত তাহসিফ সৌরির ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেল উদ্ধার করা।

৫. হত্যাকাণ্ডটি ঠিক কোথায় সংঘটিত হয়েছে, সেই স্থান সুনির্দিষ্টভাবে শনাক্ত করা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরি। পরদিন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে নিহতের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে দীপকে গ্রেফতার করে পুলিশ।

তাহসিফের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে এখন দীপকে জিজ্ঞাসাবাদকে গুরুত্ব দিচ্ছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com