মো. নূর নবী শেখ
সরকার জনগণের পেটে লাথি দিয়েছে। তাই তাদের এখন শিক্ষা দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা জরিপ করে দেখেছি, আমাদের দেশে দ্রব্যমূল্য আশপাশের দেশের তুলনায় ২০ শতাংশ বেশি। সরকার জনগণের পেটে লাথি দিয়েছে। তাদের এখন শিক্ষা দেওয়ার সময় এসেছে। ঢাকা শহরে অটোরিকশা বন্ধ করতে হবে, কিন্তু জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে। আমরা সরকারকে বলবো, আপনারা তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা রাজধানীর অলিগলিতে ঘুরে দেখেছি মানুষের বাসায় গ্যাস নেই, রান্না করতে পারছে না। আবার যে এলপিজির সরকারি দাম এক হাজার ৮৩৭ টাকা, সেটি তিন হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।’এনসিপির এ নেতা আরও জানান, ঢাকা শহরে এখন অটোরিকশা আর ফুটপাত দখলের দৌরাত্ম্য। এই ঢাকা আর আগের ঢাকা নেই। এসব দেখে তারা গণবিক্ষোভের ডাক দিয়েছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমরা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তার বাস্তবায়ন করবোই। সামনে স্থানীয় সরকার নির্বাচন। আপনারা যারা উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র হতে চান, আপনাদের আমাদের দল এনসিপিতে ওয়েলকাম। আমাদের দলে চাঁদাবাজের কোনো স্থান নেই।’চার দফা দাবিতে শাহবাগে এই গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এনসিপি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com