২৩ অক্টোবর ২০২৬
preview
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং

মো. নূর নবী শেখ

নওগাঁর মান্দায় অটোরিকশায় ঘুরে ঘুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই মাইকিংয়ের ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালাচ্ছে।

মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।

মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, ঘটনাটি গতকালের। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com