২২ অক্টোবর ২০২৬
preview
দূরত্ব বাড়ল দেব-রুক্মিণীর?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রেমের সম্পর্ক ভাঙার পর ওপার বাংলার দেব-শুভশ্রীর মাঝে তৈরি হয় দূরত্ব ও তিক্ততা। অনেকটা বিরতির পর ‘ধূমকেতু’ সিনেমার বদৌলতে চিরচেনা রসায়নে ফিরেন এই জুটি। ‘দেশু৭’ সিনেমা তাদের সম্পর্ককে আরো সতেজ করে তোলে। বিভিন্ন অনুষ্ঠানে দেব-শুভশ্রীর খুনসুটি, রোমান্টিক মুহূর্ত আলোচনার জন্ম দেন। আড়ালে পড়ে যান দেবের প্রেমিকা রুক্মিণী। চর্চা শুরু হয়—দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্কে ভাটা পড়েছে। আর এই গুঞ্জনের আগুনে নতুন করে হাওয়া দিলেন দেব নিজেই।


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত ‘দেশু৭’ সিনেমা। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের মাঝে আচমকা নরওয়েতে ছুটি কাটাচ্ছেন দেব। নিশিত সূর্যের দেশে নরওয়ের ট্রমসো শহর থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা-প্রযোজক দেব। এই বরফঘেরা সুদূর উত্তর মেরুর সফরজুড়ে দেবকে একাই দেখা যায়, তার সঙ্গে নেই রুক্মিণী মৈত্র।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দেবের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র এখন কেরালার কোচিতে রয়েছেন। সেখানে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। টলিপাড়ায় দুজনের দূরত্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই দু-জনের এই আলাদা গন্তব্য ঘিরে তৈরি হয়েছে অশনি সংকেত।

আর্কটিক সার্কেল থেকে নিজের একাধিক মনোরম ও রোমাঞ্চকর ভ্রমণের ছবিও শেয়ার করেছেন টলিউডের এই সুপারস্টার। এসব ছবিতে দেখা যায়, বরফ ও পাহাড়ঘেরা খোলা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বড় শিংওয়ালা সুমেরু অঞ্চলের বিশেষ হরিণ বা রেনডিয়ারকে নিজ হাতে খাবার খাওয়াচ্ছেন দেব। ডার্ক গ্রে রঙের জ্যাকেট, কালো ট্র্যাক প্যান্ট ও রোদচশমায় বেশ স্টাইলিশ দেখাচ্ছে তাকে।

সুমেরু অঞ্চলের হাড়কাঁপানো ঠান্ডার মাঝে খোলা আকাশের নিচে জ্যাকেটে হাত গুঁজে ফায়ার পিটের পাশে দাঁড়িয়ে আগুন পোহানোর মুহূর্তও ক্যামেরাবন্দি করেছেন দেব। ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, বিশেষ সামি টিপি তাবু ও কাঠের কটেজ। তবে এসব মুহূর্তের কোথাও নেই রুক্মিণী। দেবের পাশে রুক্মিণীকে না দেখে নেটিজেনদের অনেকে প্রশ্নও তুলেছেন। তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ নিয়ে টুঁ-শব্দও করেননি দেব কিংবা রুক্মিণী।

তৃণমূলের সংসদ সদস্য দেবের হাত ধরে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা। দেবের সঙ্গে জুটি সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনে গড়ায়।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com