২২ অক্টোবর ২০২৬
preview
দুর্গার সাজে রুমিন ফারহানা, ফেসবুক পোস্টে যা বললেন

মো. নূর নবী শেখ

ধর্মের নামে বিভাজন ও ঘৃণা ছড়ানোর সমালোচনা করেছেন রুমিন ফারহানা। মা দুর্গার সাজে তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাবে তিনি লিখেছেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মা দুর্গার সাজের বিতর্কিত ছবিটি পোস্ট করে এ কথা বলেন রুমিন ফারহানা।পোস্টে ২২টি বচনও তুলে ধরেন রুমিন।

তাঁর অভিযোগ, বিভাজন ও ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে ছবিটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। যারা ঘৃণা ছড়ানোকে ধর্মীয় আচরণ বলে মনে করেন, তাঁদের উদ্দেশে তিনি বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন।

ঘুষ, প্রতারণা, হত্যা, শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, সম্পদ লুট, খাদ্যে ভেজাল ও অন্যের অধিকার হরণের মতো বিষয় উল্লেখ করে এসব ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা হয় না কেন—তা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন তিনি।

পোস্টে ধর্মকে ব্যবসায় পরিণত করা, ধর্মের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো এবং মিথ্যাচারেরও সমালোচনা করেন রুমিন। পাশাপাশি বোনের উত্তরাধিকারের অংশ আত্মসাৎ, বৃদ্ধ মা-বাবাকে পরিত্যাগ এবং ওজনে কম দেওয়ার মতো বিষয়ও তুলে ধরেন।

এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে না বলে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেই কারও ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলার প্রবণতাকে বিদ্রূপ করেন তিনি।

পোস্টের শেষে দুর্গাপ্রতিমার বাহুর সংখ্যা নিয়ে সংশোধনী দিয়ে রুমিন লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না।’

পাঠকদের সুবিধার্থে তার পোস্টটি নিচে হুবহু নিচে তুলে ধরা হলো-

নিচের ছবিটি কেউ একজন তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বিভাজন আর ঘৃনা উস্কে দিতে। যারা ঘৃনার চাষকে ধর্ম ভাবেন তাদের বলছি........

১. বলাৎকারে ধর্ম যায় না

২. ঘুষ খেলে ধর্ম যায় না

৩. শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না

৪. মানুষ খুনে ধর্ম যায় না

৫. নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না

৬. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না

৭. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না

৮. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না

৯. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না

১০. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়া বললে ধর্ম যায় না

১১. মুনাফেকিকে জীবনের মূল মন্ত্র বানালে ধর্ম যায় না

১২. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না

১৩. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না

১৪. বাবা মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না

১৫. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না

১৬. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না

১৭. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না

১৮. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না

১৯. খাদ্যে ভেজাল এমন কি বিষ মেশালেও ধর্ম যায় না

২০.ব্যাভিচারে ধর্ম যায় না

২১. দুর্বলের ওপর অত্যাচারে ধর্ম যায় না

২২. দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়

ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।

বি:দ্র: মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com