২১ অক্টোবর ২০২৬
preview
গোলাপি শাড়ি-নীল ব্লাউজে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন আলিয়া

মো. নূর নবী শেখ

বলিউডের জনপ্রিয় তারকা তিনি। হাজির হলেন একেবারে বাঙালি নারীর সাজে। চমকে দিলেন। তার সেই সাজ নজড় কেড়েছে সবার। দুর্গাপূজার সাজে বাঙালিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। গাঢ় গোলাপি শাড়ি, নীল ব্লাউজ আর সোনালি গয়নায় তার উৎসবের সাজ মুগ্ধ করেছে ভক্তদের।

মুম্বাইয়ের দুর্গাপূজার মণ্ডপে ঐতিহ্যবাহী বাঙালি সাজে হাজির হয়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর মহাষ্টমী ও মহানবমীর উদ্‌যাপনে মুম্বাইয়ের ৮০তম নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে যান আলিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জী। পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার পাশাপাশি আলিয়ার পোশাক ও সাজসজ্জাও ছিল সবার নজরে।

এদিন আলিয়ার পরনে ছিল উজ্জ্বল ফুশিয়া গোলাপি রঙের শাড়ি। শাড়িতে সোনালি গোটাপট্টির কাজ তার সাজে যোগ করেছে আভিজাত্য। বাঙালি কায়দায় শাড়ি পরেছিলেন অভিনেত্রী। কাঁধে সুন্দর করে সাজানো আঁচল ফুটিয়ে তুলেছিল শাড়ির নকশা ও ব্লাউজের সৌন্দর্য।

গোলাপি শাড়ির সঙ্গে বৈপরীত্য তৈরি করে ফিরোজা-নীল ব্লাউজ বেছে নেন আলিয়া। ব্লাউজের গোলাকার গলার নকশা ও ছোট পাফ স্লিভ তার সাজে এনেছে ভিন্নমাত্রা। পেছনের সোনালি কারুকাজও ছিল নজরকাড়া।

শাড়ির সঙ্গে আলিয়া পরেছিলেন সোনালি ঝুমকা, হাতে একাধিক সোনালি চুড়ি ও আঙুলে নকশাদার আংটি। কানের গয়নার সঙ্গে মানানসই ইয়ার চেইন তার সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

চুলে মাঝখানে সিঁথি করে পরিপাটি খোঁপা বেঁধেছিলেন অভিনেত্রী। সেই খোঁপায় ছিল রঙিন ফুলের সাজ। কপালে ছোট্ট টিপ, হালকা চোখের মেকআপ, স্বাভাবিক ত্বকের সাজ ও মৃদু রঙের লিপস্টিকে পূর্ণতা পেয়েছে তার উৎসবের লুক। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক রঙের সমন্বয় আলিয়ার সাজকে দিয়েছে আলাদা মাত্রা।

উৎসবের আমেজের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন আলিয়া। পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com