১৯ অক্টোবর ২০২৬
preview
মধুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

মো. নূর নবী শেখ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং পূজামণ্ডপগুলোতে নগদ অর্থসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় দুর্গোৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় মধুপুর উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিষয়টি তদারকি করছেন। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ থাকতে হবে। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ এবং মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়। পাশাপাশি মধুপুর উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়।

এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকারসহ বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।



ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com