মো. নূর নবী শেখ
এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, ‘এখন থেকে গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তন হবে।
ইলেকশনবিহীন বিনা ভোটে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। জনগণ না চাইলে আমরাও থাকব না। আমাদের পরে অন্যরা আসবে। সেটা অবশ্যই গণতান্ত্রিক ধারায় আসতে হবে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রামগতি থানার উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ নিজান বলেছেন, ‘আমি মোট ৪ বার ভোট করেছিলাম। এবার ব্যতিক্রম হলো যে, আমি ডিসি, এসপি, ওসি ও ইউএনও অফিসে কোনো টাকা দিতে হয়নি। তারা কোনো টাকা গ্রহণ করেননি।
আমার ৬২ কেন্দ্রের মধ্যে ৪০ কেন্দ্রের টাকা ফেরত পেয়েছি, আর বাকি কেন্দ্রের টাকা আমার লোকেরা খেয়ে ফেলেছে। কেউ টাকা না নিলে আমি শান্তি পাই না। কারণ তখন আমার মনে সন্দেহ হয় যে ডিসি, এসপি, ওসি ও ইউএনও সাহেবরা মনে হয় আমার বিরুদ্ধে বিরুদ্ধে না থাকলে তারা টাকা নিচ্ছে না কেন? ৯০ ভাগ মানুষ যেখানে ঘুষ খায়, সেখানে কিভাবে বুঝব যে, বিনা টাকায় তারা আমার কাজ করবে।’
তিনি বলেন, আগে নিজেকে নিজে ভালোবাসতে হবে। আপনারা একজন প্রধানমন্ত্রী পেয়েছেন।
আমি তো সবসময় সত্য কথাগুলো বলে ফেলি। এজন্য অনেকেই আমাকে পছন্দ নাও করতে পারেন। আমি পরিবর্তনের কথা বলি। আজকে দেশের সব সেক্টর নষ্ট হয়ে গেছে। মানুষ সমস্যায় পড়লে প্রথমে যায় পুলিশের কাছে। সেখানে আসার পর পুলিশের দৌরাত্ম্য, নেতাদের দৌরাত্ম্য ও থানার দালালদের দৌরাত্ম্যে মানুষ কাছে আসতে পারে না। এগুলো দেখার জন্য তো ২৪ সালের জুলাইয়ে এত রক্ত দেওয়া হয়নি। আপনারা তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছেন। তার নেতৃত্বে আমাদের রাষ্ট্রের সংস্কার করতে হবে, রাষ্ট্রের মেরামত করতে হবে। নষ্ট হয়ে যাওয়া প্রত্যেকটা প্রতিষ্ঠান ও সেক্টরকে মেরামত করতে হবে।
রাজনৈতিক নেতাদের উদ্দেশে হুইপ নিজান বলেন, ‘৭১ এর শহীদ ও ২৪ এর শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। পুলিশ-প্রশাসন, সাংবাদিক, খেলোয়াড় ও বিরোধীমতের বন্ধুরা, আপনারা একটু একটু করে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রীকে সাপোর্ট করেন। আপনারা যদি প্রধানমন্ত্রীকে সাপোর্ট না করেন, পরে তো বলবেন, বিএনপি সরকার দেশটাকে শেষ করে দিয়েছে। সাপোর্ট করলে দেখতে পারবেন-আমরা দেশটাকে মেরামত করে একটা পর্যায়ে নিয়ে যেতে পারব ইনশাআল্লাহ।’
রামগতি থানার ওসি লিটন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন, এ এসপি সার্কেল মোহাম্মদ শামছুল আলম, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, রামগতি পৌরসভার সাবেক মেয়র সাহেদ আলী পটু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ জুয়েলসহ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com