মো. নূর নবী শেখ
টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনোহর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বন্দচরপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছয় হাজার টাকা।
ধনবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৫ মিনিটে বন্দচরপাড়া গোরস্থান মোড়ে সোহাগের মনোহারি দোকানের উত্তর পাশের পাকা রাস্তার মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মনোহরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার মনোহর ধনবাড়ী উপজেলার সয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী ধনবাড়ী থানায় মামলা করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ওসি নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই আদনান রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত কাজ করছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com