মো. নূর নবী শেখ
‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে একযোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
যদুনাথপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে কর্মসূচিতে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী। অন্যদিকে মুশুদ্দি ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।
এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পৃথক ইউনিয়নে কর্মসূচিতে অংশ নেন।
প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা র্যালি ও সমাবেশে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
কর্মসূচির আয়োজক সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রমের তৃতীয় ধাপে আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ধনবাড়ী পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
আয়োজকেরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে ধনবাড়ীতে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com