১২ অক্টোবর ২০২৬
preview
ছাত্রলীগকে রিপ্লেস করছে ছাত্রদল, অভিযোগ ডাকসুর ভিপির

মো. নূর নবী শেখ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র আপত্তির মুখে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশকে নির্লজ্জতার নতুন উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিগত আট মাসে দেশের ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় দাসত্ব ও আনুগত্য বিবেচনায় উপাচার্য নিয়োগ দিয়েছে ক্ষমতাসীন বিএনপি সরকার। মানচিত্রদেখুন

সোমবার এক বিবৃতিতে চুয়েটের চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম লেখেন, নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে। শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না নিয়োগ পাওয়া বিএনপি নেতার। সকালে ছাত্রদলের ক্যাডারদের নিয়ে সাধারণ শিক্ষক পরিচয় দিয়ে এই ভিসি চোরের মতো ক্যাম্পাসে ঢুকেছে। এটাই এই ভিসির বাহাদুরির নমুনা ও যোগ্যতা।

বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, গত আট মাসে নজিরবিহীনভাবে ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে দলীয় নেতাদের বসিয়েছে বিএনপি সরকার। এসব নিয়োগে যোগ্যতার বদলে দেখা হয়েছে কার গোলামি কত বেশি।

আওয়ামী লীগ শাসনামলের ছাত্র রাজনীতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি বলেন, আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি অবরুদ্ধ ভিসিদের উদ্ধার করতে ত্রাণকর্তা হয়ে আসত ছাত্রলীগ; ক্যাম্পাসে টেন্ডার ও উন্নয়ন কাজে চলত ছাত্রলীগ ও প্রশাসনের ভাগবাটোয়ারার ব্যবসা। আর এখন ছাত্রলীগকে রিপ্লেস করে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনের দারোয়ানের ভূমিকা পালন করছে। এরকম পরিস্থিতিতে ভিসি পদটি এখন এক বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।

বিবৃতির শেষাংশে চুয়েট শিক্ষার্থীদের চলমান ন্যায্য আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সাদিক কায়েম অনতিবিলম্বে বিতর্কিত উপাচার্যের অপসারণ দাবি করেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com