২৯ সেপ্টেম্বর ২০২৬
preview
ছেলেরা একাই কেন সব মজা নেবে, প্রশ্ন শোভিতার

মো. নূর নবী শেখ

তামিল পরিচালক পা রঞ্জিতের নতুন সিনেমা ‘ভেটুভাম’-এ একেবারে ভিন্ন রূপে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। অ্যাকশন ও বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সিনেমায় প্রথমবারের মতো মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নতুন এই অভিজ্ঞতা এতটাই উপভোগ করেছেন যে, শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত এই অভিনেত্রী এখন নাচের চেয়েও মার্শাল আর্টকে বেশি উপভোগ করছেন।

সম্প্রতি এনডিটিভির ‘যুব ২০২৬’ অনুষ্ঠানে নিজের এই অভিজ্ঞতার কথা জানান শোভিতা। সেখানে তিনি বলেন, ভারতে কালারিপায়াত্তুর মতো অসাধারণ ঐতিহ্যবাহী মার্শাল আর্ট রয়েছে, যা সবারই একবার চেষ্টা করে দেখা উচিত।

শোভিতার ভাষ্য, মার্শাল আর্টের প্রশিক্ষণ শুধু তার শরীরকে চাঙা করেনি, মানসিকভাবেও তাকে অনেকটা হালকা ও সতেজ করেছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে চাপ ও মানসিক উত্তেজনা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি নিজের শরীর ও মন সম্পর্কে নতুনভাবে সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই নাচের প্রশিক্ষণ নেওয়া শোভিতাকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে একটিকে বেছে নিতে হলে কোনটি বেছে নেবেন। জবাবে অভিনেত্রী জানান, এমন উত্তর তিনি নিজেও আগে ভাবেননি। তবে মার্শাল আর্টের অনুশীলনে যে ধরনের চাপমুক্তির অনুভূতি পেয়েছেন, তা তাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। তাই আপাতত নাচের চেয়ে মার্শাল আর্টই বেশি উপভোগ করছেন তিনি।

এ প্রসঙ্গে রসিকতা করে শোভিতা বলেন, ‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’ পরে তিনি আরও বলেন, ‘ছেলেরা যদি অ্যাকশন করতে পারে, তবে মেয়েরাই বা পিছিয়ে থাকবে কেন?’

‘ভেটুভাম’ ছবিটির গল্প আবর্তিত হয়েছে তিনটি ভিন্ন সময়কে ঘিরে। অ্যাকশন ও বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সিনেমায় শোভিতার সঙ্গে অভিনয় করছেন ভি আর দিনেশ ও আর্য।

ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। অ্যাকশন দৃশ্যের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় স্টান্ট পরিচালক দিলীপ সুব্বরায়ণ। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com