মো. নূর নবী শেখ
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ভাষায় পোস্ট দেওয়ার পর আশরাফুল ইসলাম সজল (২৬) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত রোববার রাতে শ্রীপুর থানা-পুলিশ সজলকে গ্রেফতার করে। পরে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়নি; বরং সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আশরাফুল ইসলাম সজল উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মামুন হাসান।
এদিকে আশরাফুল ইসলাম সজলের ফেসবুকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার ফেসবুক আইডিতে গিয়ে ওই পোস্টটি পাওয়া যায়নি। ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে বর্তমান সরকার ও সরকারপ্রধানকে নিয়ে অশালীন ভাষায় গালাগাল করা হয়েছে। একই সঙ্গে পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপিও পোস্টটিতে শেয়ার করা হয়েছে।
আশরাফুল ইসলাম সজলের মা আসমা আক্তার বলেন, তাঁর ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পুলিশ তাঁকে জানিয়েছে, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণে তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, আমার ছেলে সহজ-সরল। ভুল করতেই পারে। অনেকেই পোস্টটি মুছে ফেলতে বলেছিল। পরে আমার ছেলে পোস্টটি ডিলিট করে দেয়। এরপরও তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আমি মেনে নিতে পারছি না।
জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, সজল আমাদের দলের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জানার পরও তাকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের ফ্যাসিবাদী কর্মকাণ্ড এখনো চলছে। এরই ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ বলছে, ফেসবুকে দেওয়া ওই পোস্টের সঙ্গে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের কারণে তাঁকে গ্রেফতার করা হয়নি। তাঁকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তাঁর ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে আমরা জানতে পারি। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com