home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্বপ্ন থেকে সাফল্যের পথে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪

Facebook
Twitter

স্বপ্ন থেকে সাফল্যের পথে

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ ও এমবিএ শেষ করেন মুসকান তাবাসসুম। এরপর থেকেই নিজের পছন্দের পেশায় কাজ করার স্বপ্ন ছিল তার। লেখাপড়া শেষ করে হসপিটালিটি খাতে কাজ করবেন এটিই ছিল তার দীর্ঘদিনের ইচ্ছা। সেই স্বপ্ন পূরণের সুযোগ আসে ২০২২ সালে। সে বছর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে ইন্টার্ন হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

ইন্টার্নশিপের সময়ই নিজের কাজের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেন। পারফরম্যান্স ভালো হওয়ায় পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগ দেওয়ার সুযোগ পান। ইন্টার্ন থেকে ধীরে ধীরে পেশাজীবনের পথচলা আরও দৃঢ় হয়। নিজের পছন্দের জায়গায় কাজ করতে পারা তার কাছে ছিল স্বপ্ন পূরণের মতোই। ২০২৬ সালের নভেম্বরে এই প্রতিষ্ঠানে মুসকানের চার বছর পূর্ণ হবে।

হোটেলের মার্কেটিংয়ের পাশাপাশি বিভিন্ন আয়োজন ও ইভেন্টের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতাও তার কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব আয়োজনের মধ্যে মেলাও রয়েছে। মেলা আয়োজনের অভিজ্ঞতা তার কাছে সবসময়ই আনন্দের। তিনি বলেন, মেলায় সাধারণত লোকাল গেস্টদের উপস্থিতিই বেশি দেখা যায়। পরিবার নিয়ে মানুষ আসে। শিশুদের নিয়ে আসে। ফলে আয়োজনের পরিবেশও হয়ে ওঠে প্রাণবন্ত। দর্শনার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আয়োজকদেরও উৎসাহিত করে। একটি আয়োজন সফল হওয়ার পেছনে দর্শনার্থীদের এই সাড়া বড় ভূমিকা রাখে।

তবে কোনো আয়োজনই সবসময় সহজ হয় না। এর পেছনে থাকে অনেক প্রস্তুতি। থাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ। এর মধ্যে অন্যতম হলো স্পন্সর ও পার্টনার ম্যানেজ করা। একটি বড় আয়োজনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে হয়। তাদের আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহী করে তুলতে হয়। অনেক সময় সিদ্ধান্ত নিতে তাদের সময় লাগে। ফলে পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিতে বাড়তি সময় ও প্রচেষ্টা প্রয়োজন হয়।

ভালো ভেন্ডর খুঁজে পাওয়াও কখনো কখনো কঠিন হয়ে পড়ে। একটি আয়োজন সফল করতে খাবার, সাজসজ্জা, প্রযুক্তি, বিনোদনসহ নানা ধরনের সেবা প্রয়োজন হয়। এসব কাজের জন্য দক্ষ ও নির্ভরযোগ্য ভেন্ডর দরকার। উপযুক্ত ভেন্ডর না পাওয়া গেলে পুরো আয়োজনের ওপরই চাপ তৈরি হয়। তাই সঠিক পার্টনার ও ভেন্ডর বেছে নেওয়া ইভেন্ট ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন তিনি।

মুসকান বলেন, কর্মজীবনে অনেক ধরনের চ্যালেঞ্জ এলেও এখন পর্যন্ত এমন কোনো কাজের অভিজ্ঞতা হয়নি যে, কোনো কাজ হাতে নেওয়ার পর শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি। তবে একটি আয়োজন আমাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। সেটি ছিল ওয়েডিং ফেস্টিভ্যাল।

ওয়েডিং ফেস্টিভ্যাল আয়োজনের সময় এক পর্যায়ে মনে হয়েছিল, হয়তো আর এগিয়ে নেওয়া সম্ভব হবে না। কাজের চাপ ছিল। নানা ধরনের সমস্যা ছিল। সবকিছু সামলে আয়োজনটি শেষ করা কঠিন মনে হচ্ছিল। কিন্তু হাল ছাড়িনি। অনেক দিন ধরে চেষ্টা ও একের পর এক সমস্যা সমাধানের চেষ্টা করে শেষ পর্যন্ত সফলভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি। তিনি আরও বলেন, ওয়েডিং ফেস্টিভ্যালের অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। কোনো কাজ কঠিন মনে হলেই থেমে গেলে চলবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে। ধৈর্য ধরে কাজ করলে কঠিন কাজও একসময় সম্ভব হয়ে ওঠে। বর্তমানে তার কাজ ও আয়োজনের মূল প্রসার দেশীয় বাজারকেন্দ্রিক। আপাতত দেশের বাইরে কোনো আয়োজন বা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেই।

তবে তার কর্মস্থল একটি আন্তর্জাতিক মানের হোটেল। এখানে নিয়মিত বিভিন্ন দেশের অতিথিরা আসেন। ফলে কাজের সূত্রে বিদেশি নাগরিকদের কাছেও দেশীয় আয়োজন ও সেবার পরিচিতি তৈরি হচ্ছে। স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল পথচলা। সেই স্বপ্ন বাস্তবায়নের পর এখন অভিজ্ঞতা ও নতুন চ্যালেঞ্জকে সঙ্গী করে এগিয়ে চলেছেন তিনি। সামনে আরও নতুন আয়োজন, নতুন অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।